ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান।
ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি হতে দেয়নি পুলিশ ৷ আজ সোমবার সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়েছিল।

ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই কর্মসূচি ১০টার আগেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। আয়োজকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলেও তা প্রদর্শনের সুযোগ পাননি। ব্যানারে ‘ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান’ নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

ঈদের আগের শেষ কর্মদিবস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত নয়টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, এর প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। এর ধারাবাহিকতায় আজ সকালে অফিস শুরুর আগেই কর্মসূচি শুরু করা হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের এক প্রতিনিধি।

তবে অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি পালন না করার আহ্বান জানায়। তবে এরপরও ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’