৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

সাড়ে ৯ শতাংশ সুদে গ্রাহকদের গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ দেবে বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ৯ শতাংশের কম সুদে গ্রাহকের অন্য ব্যাংকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) অধিগ্রহণ বা টেকওভার করবে। আজ বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র চার মাসের জন্য বিশেষ এই সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।

ডাচ্‌–বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ অধিগ্রহণ বা টেকওভার করবে। এ জন্য গ্রাহককে দিতে হবে না বাড়তি কোনো মাশুল। এ ছাড়া নতুন কোনো গ্রাহক নতুন করে গাড়ি, বাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রে সুদ হার হবে সাড়ে ৯ শতাংশ। অর্থাৎ গাড়ি–বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে ইচ্ছুক যেকোনো গ্রাহক ডাচ্‌–বাংলা ব্যাংক থেকে ঋণ পাবেন সাড়ে ৯ শতাংশ সুদে। ব্যাংকটি বলছে, গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বিশেষ এই ঋণ সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার আওতায় যাঁরা নতুন ঋণ নেবেন এবং অন্য ব্যাংকের ঋণ স্থানান্তর করবেন, তাঁদের সুদহার এক বছর বা ১২ মাস অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে ডাচ্‌–বাংলা ব্যাংক বলেছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা বিদ্যমান ঋণের সুদের হার ও মাসিক কিস্তির চাপ কমানোর সুযোগ পাবেন। বিশেষ এই সুবিধা পাওয়া যাবে চলতি মাসের ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে যাঁরা ঋণ নেবেন বা অন্য ব্যাংকের ঋণ স্থানান্তর করবেন, তাঁরাই কেবল এই সুবিধা পাবেন। এই সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের ডাচ্‌–বাংলা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, ফাস্ট ট্র্যাক, এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রাথমিক তথ্য জমা দিয়ে আবেদন করতে পারবেন।

সম্প্রতি ডাচ্‌–বাংলা ব্যাংকসহ কয়েকটি ব্যাংক কম সুদে অন্য ব্যাংকের গ্রাহকের বেশি সুদের ঋণ অধিগ্রহণ বা টেকওভার করার উদ্যোগ নিয়েছে। বেশি সুদের ঋণ কম সুদে টেকওভারের এই উদ্যোগের বিষয়ে ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি ভালো গ্রাহক বাড়াতে ব্যাংকগুলোর নতুন উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে মূলত ভালো গ্রাহককে নিজেদের ব্যাংকের সঙ্গে যুক্ত করতে চায় সুবিধা দেওয়া ব্যাংকগুলো।

এই সুবিধা দিয়ে ব্যাংকের লাভ কী

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংকের ভোক্তা ঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বলেন, এতে ব্যাংকের কোনো লোকসান নেই। কারণ, এমনিতে গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণের পরিমাণ মোট ব্যাংকঋণের তুলনায় খুব কম। এর মধ্যে শুধু ভালো গ্রাহক যাঁদের ঋণের নিয়মিত কিস্তি পরিশোধের রেকর্ড রয়েছে তাঁদের সুবিধা দেওয়া ব্যাংকগুলো নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করতে চায়। বর্তমানে ব্যাংক খাতে সার্বিকভাবে ঋণের চাহিদা কম। তাতে ভালো মানের ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য জমে গেছে। তাই ব্যাংকগুলো নতুন করে আমানত সংগ্রহে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। এ কারণে কমে গেছে আমানতের সুদহারও। ভালো ব্যাংকগুলোও এখন ৫/৬ শতাংশ সুদে আমানত সংগ্রহ করছে। ব্যবসা–বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতার কারণে শিল্পঋণের চাহিদা এখন কম। তাই কম সুদের আমানত অলস ফেলে না রেখে তা নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে কয়েকটি ব্যাংক।

উচ্চ সুদের ভোক্তা ঋণ কম সুদে অধিগ্রহণ করলেও তাতে ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি হবে না। কারণ, ব্যাংক কম সুদের আমানতের অর্থ খাটাবে তাতে। এতে আমানত ও ঋণের সুদের মধ্যে কয়েক শতাংশের ব্যবধান থাকবে। ফলে ব্যাংকের লোকসানের কিছু নেই। বরং ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে অলস অর্থ কাজে লাগিয়ে কিছুটা হলেও মুনাফার সুযোগ পাবে। পাশাপাশি গ্রাহকও কিছুটা সাশ্রয়ী সুদের সুবিধা পাবেন। ফলে পুরো উদ্যোগটি ব্যাংক এবং গ্রাহক উভয়ের জন্যই লাভজনক।