নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীর জন্য তিনটি প্রিপেইড কার্ড নিয়ে এসেছে ডিবিবিএল-মাস্টারকার্ড

তিনটি নতুন প্রিপেইড কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য তিনটি নতুন প্রিপেইড কার্ড চালু করেছে। এর মধ্যে নারীদের জন্য ‘ফেমিনা কার্ড’, শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কার্ড’ ও পর্যটকদের জন্য ‘ট্রাভেল বা ভ্রমণ কার্ড’ আনা হয়েছে।

আজ মঙ্গলবার এসব কার্ড উদ্বোধন করা হয়। এ সম্পর্কে মাস্টারকার্ড বলেছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে আর্থিক সেবা খাতে প্রিপেইড কার্ডের মাধ্যমে গ্রাহকদের বৈচিত্র্যময় সেবা প্রদান করা হবে।

নতুন কার্ডগুলোর মধ্যে ‘ফেমিনা’ কার্ডধারীরা বিভিন্ন বিউটি স্যালন ও লাইফস্টাইল আউটলেটে বিশেষ মূল্যছাড় পাবেন। ‘ক্যাম্পাস’ কার্ডধারীরা রেস্টুরেন্ট, কফি শপসহ বিভিন্ন বিনোদন আয়োজন যেমন ‘অ্যামিউজমেন্ট অ্যান্ড ভিআর থিম পার্ক’, ‘কার্ট রেসিং প্ল্যাটফর্মে’ বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে ‘ট্রাভেল’ কার্ডধারীদের জন্য ট্রাভেল এজেন্সিগুলো থেকে অনলাইনে বিমানের টিকিট ক্রয়ে বিশেষ অফার ও প্যাকেজ রয়েছে। পাশাপাশি জনপ্রিয় হোটেল ও রিসোর্ট বুকিংয়ে মূল্যছাড় উপভোগ করবেন তাঁরা।

এ ছাড়া নতুন এসব প্রিপেইড কার্ডধারীরা সারা দেশে মাস্টারকার্ডের সাড়ে ছয় হাজারের বেশি পার্টনার আউটলেটে সুবিধা পাবেন। হোটেলে অবস্থান, ডাইনিং বিল ও লাইফস্টাইল পণ্য ক্রয়ে বিশেষ ছাড় মিলবে।

মাস্টারকার্ড জানিয়েছে, ইএমভি চিপ-সংবলিত এসব কার্ডের নকশা এমনভাবে করা হয়েছে যে এগুলো দিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবহারের মাধ্যমে নিরাপদে লেনদেন করা যাবে। এ ছাড়া গ্রাহকেরা কার্ডসংক্রান্ত সহায়তার জন্য যেকোনো সময় সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কাশেম মো. শিরিন বলেন, নতুন এই তিনটি প্রিপেইড কার্ড চালুর উদ্যোগ ডিবিবিএলের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর মাধ্যমে আর্থিক খাতে উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ গ্রাহক চাহিদা পূরণে ডিবিবিএলের শীর্ষ অবস্থান আরও সুসংহত হবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রাহকদের লেনদেন কার্যক্রম সহজ করে তোলা ও তাঁদের জন্য আকর্ষণীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা ভেবেই কার্ডগুলোর নকশা করা হয়েছে। এই কার্ডগুলো ব্যবহারকারীদের অভিনব পণ্য ও সল্যুশন প্রদানে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্প বাস্তবায়নে মাস্টারকার্ডের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করছে।