প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের আবারও ট্রিপল এ ও এসটি-১ ঋণমান অর্জন

প্রাইম ব্যাংক আবারও দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ বা ট্রিপল এ এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং এসটি-১ অর্জন করেছে। দেশের অন্যতম ক্রেডিট রেটিং তথা ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) সম্প্রতি এ রেটিং দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, টানা এ রেটিং পাওয়ার পেছনে প্রাইম ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থান, দৃঢ় মূলধন কাঠামো, উন্নত সম্পদমান, পর্যাপ্ত তারল্য, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক ব্যবসায়িক কর্মদক্ষতা ইত্যাদি ভূমিকা রেখেছে। ট্রিপল এ রেটিং হলো দীর্ঘমেয়াদি আর্থিক দায়বদ্ধতা পূরণে অত্যন্ত শক্তিশালী সক্ষমতার নির্দেশক। অন্যদিকে এসটি-১ রেটিং হচ্ছে স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধে সর্বোচ্চ মাত্রার নির্ভরযোগ্যতা ও নিশ্চয়তার প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্র্যাব রেটিং দেওয়ার আগে প্রাইম ব্যাংকের আর্থিক ও পরিচালনাগত কার্যক্রম, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং সামগ্রিক ব্যবসায়িক সম্ভাবনার ওপর বিস্তৃত মূল্যায়ন করেছে।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘টানা কয়েক বছর ধরে সর্বোচ্চ এই ক্রেডিট রেটিং প্রাপ্তি মূলত ব্যাংকের শক্তিশালী ভিত্তি, গ্রাহক ও অংশীজনদের আস্থা এবং আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে আসছে। সর্বোচ্চ এই রেটিং প্রাপ্তিকে আমরা টেকসই প্রবৃদ্ধি, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির প্রতি আমাদের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচনা করি।’

প্রাইম ব্যাংক আরও জানায়, আবার এএএ ও এসটি-১ রেটিং অর্জন বাংলাদেশের ব্যাংকিং খাতে তাদের শক্তিশালী অবস্থান ও ধারাবাহিক সাফল্যকে আরও সুসংহত করেছে।