সোনালী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে
সোনালী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে

সোনালী ব্যাংককে আরও পেশাদার হতে হবে: অর্থ উপদেষ্টা

দেশের আর্থিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সোনালী ব্যাংককে আরও পেশাদারত্ব নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে সোনালী ব্যাংকের মূলধন–ঘাটতি নেই এবং ঋণ–আমানত অনুপাতও (এডি রেশিও) সন্তোষজনক অবস্থায় রয়েছে। ট্রেজারি কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ নানা কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও স্থিতিশীল করতে চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

ঋণ বিতরণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ খাতে ঋণ বাড়ানো প্রয়োজন। বড় ঋণে ঝুঁকিও বেশি বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ২০২৫ সালের সাফল্যের জন্য সোনালী ব্যাংককে শুভেচ্ছা জানান এবং চলতি বছরেও এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মূলধন–ঘাটতি শূন্য হওয়ায় সোনালী ব্যাংক প্রশংসার দাবিদার।

গভর্নর আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে রয়েছে। ব্যাংকটির ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, বর্তমানে বছরে ৫ থেকে ৭ হাজার কোটি টাকা মুনাফা হলেও তা ভবিষ্যতে দ্বিগুণ হয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, অতীতে ঋণ বিতরণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যাংকটিকে। এখন যে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সাহসের সঙ্গে ঋণ কার্যক্রম পরিচালনারও প্রয়োজন রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এ ছাড়া সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্য, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও বিভিন্ন শাখার প্রধানেরাও সম্মেলনে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।