
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেই সেই তথ্যের সূত্র ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হলো, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। আবার অনেককে মৌখিকভাবে জবাব দিতে বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) কাজী ছাইদুর রহমান এই ব্যাখ্যা তলব করছেন।
জানা গেছে, কাজী ছাইদুর রহমান বর্তমানে ব্যাংক পরিদর্শন, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্টসহ কয়েকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজি। নতুন গভর্নর যোগদানের পরই তিনি গণমাধ্যমে ব্যাংক খাতের দুর্নীতি–অনিয়ম, এমনকি রিজার্ভ নিয়েও কোনো প্রতিবেদন হলে তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা তলব শুরু করেছেন। তাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক কোনো সিদ্ধান্ত নিলে তা সংশ্লিষ্ট ব্যাংককে লিখিতভাবে জানানো হয়। ওই ব্যাংক তা পর্ষদে উপস্থাপন করে, অন্য কর্মকর্তারাও তা জানেন। ফলে ব্যাংক খাতের অনিয়মের তথ্য চেপে রাখা কঠিন। আবার এ ধরনের তথ্যের সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত থাকে, তাই কোথা থেকে তথ্য গণমাধ্যমে গেল, তা–ও নিশ্চিত করে বলা যায় না। অথচ ব্যাংক খাতের কোনো অনিয়ম–দুর্নীতি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন হলে তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সন্দেহ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক অনিয়ম রোধ করার বদলে অনিয়মের তথ্য গোপনে এখন বেশি তৎপর হয়ে উঠেছে। কার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন একাধিক কর্মকর্তা। তাঁরা বলছেন, এতে কাজের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাংক খাতের অনিয়মকারীদেরও প্রশ্রয় দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতের যেকোনো সিদ্ধান্তের তথ্য নানা সূত্রে গণমাধ্যমের কাছে যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যেহেতু নোটিশ দেওয়া হয়েছে, তাই জবাব পেলেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।
সম্প্রতি প্রথম আলোতে ‘এসআইবিএলের খেলাপি ঋণ আসলে কত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ব্যাংকটির হিসাবে খেলাপি ঋণের হার ৫ শতাংশ হলেও বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ২৩ শতাংশের বেশি। এ ছাড়া সম্প্রতি ইংরেজি একটি দৈনিকে ‘রিজার্ভের অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এই দুই প্রতিবেদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কমপক্ষে ১০ কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়। এর বাইরে অন্যান্য কয়েকটি ঘটনায়ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।