ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক

চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন এমডি, প্রশাসক সরিয়ে নেওয়ার চিন্তা

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক মিলে গঠিত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন। সরকারের পক্ষ থেকে এমডি নিয়োগের পর বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাঁর নিয়োগ অনুমোদন করেছে। এমডি দায়িত্ব নেওয়ার পর জোরদার হবে একীভূতকরণ কার্যক্রম।

এদিকে এমডি দায়িত্ব নেওয়ার পর একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকে দায়িত্ব পালন করা প্রশাসকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পদের কর্মকর্তারা ব্যাংক পাঁচটিতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের আরও চারজন করে কর্মকর্তা।

জানা গেছে, নতুন এমডি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আবেদুর রহমান সিকদার ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। নতুন এমডি দায়িত্ব নেওয়ার পর ব্যাংক পাঁচটির একীভূতকরণ কার্যক্রম শুরু হবে। বিশেষ করে কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূতকরণ কার্যক্রম জোরদার করা হবে। বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া সম্পন্ন করবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফটওয়্যার একীভূতকরণ কার্যক্রম শেষ হলে পাঁচ ব্যাংকের নাম এক হয়ে শুধু সম্মিলিত ইসলামী ব্যাংক রাখা হবে। সেই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে নানা ধরনের আমানত ও ঋণ প্রকল্প চালু করা হবে। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়াহভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। এক্সিম ছাড়া বাকি চার ব্যাংকের মালিকানা ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কাছে। এক্সিম ব্যাংক ছিল ব্যাংকমালিকদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে।

জানা যায়, এর আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি নাবিল মুস্তাফিজুর রহমান। কিন্তু স্বাস্থ্যগত কারণে তিনি শেষ পর্যন্ত যোগ দেননি। একই সময়ে পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও। ফলে শুরুতেই ধাক্কা খায় পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া।

২০২৪ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক পাঁচটিকে একীভূত করার উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক আইন করে এ প্রক্রিয়া শুরু করে। একীভূত ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হয়। গত বছরের ৩০ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।

এদিকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে এরই মধ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে ব্যাংকগুলো। তবে বর্তমানে দুই লাখ টাকার কম আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।