
আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বরণ করে নেন।
গতকাল বুধবার নিয়োগ পাওয়ার পর আজ কাজে যোগ দিলেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’
জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নিবাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন৷
গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো।
মোস্তাকুর রহমান হবেন বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যাওয়ার উদ্দেশে আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে নিজ গাড়িতে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশে বের হন মো. মোস্তাকুর রহমান।
আজ সকাল সোয়া দশটায় গুলশানে নতুন গভর্নরের বাসভবনের এক কর্মকর্তার সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি নাম প্রকাশ না করে বলেন, ‘স্যার, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাসা থেকে বের হয়েছেন। ব্যক্তিগত গাড়িতে করেই গেছেন তিনি।’