সরকারি ব্যাংকের পদোন্নতি নীতিমালায় অসন্তোষ, সংশোধন চান জনতা ব্যাংকের কর্মকর্তারা

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

সরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের জন্য যে নীতিমালা জারি করা হয়েছে, তা সংশোধনের দাবি জানিয়েছেন জনতা ব্যাংকের কর্মকর্তারা।

তাঁরা মনে করেন, এই নীতিমালার মাধ্যমে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি ও পদায়ন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আর নতুন নিয়ম এমনভাবে তৈরি করা হয়েছে, যার ফলে মূলত রূপালী ব্যাংকের কর্মকর্তারা দ্রুত পদোন্নতি পেয়ে অন্য ব্যাংকগুলোর দায়িত্ব নেবে।এই নীতিমালা সংশোধনের জন্য জনতা ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন নির্বাহী গ্রুপ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, স্বাধীনতা অফিসার পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ যৌথভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৩ জানুয়ারি সরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা জারি করে। নতুন এ নীতিমালা নিয়ে রূপালী ব্যাংক ছাড়া রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সরকারি ব্যাংকের এমডিরাও এ নিয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

নীতিমালা অনুযায়ী, এখন থেকে সরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি ও পদায়ন দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এক ব্যাংকের কর্মকর্তাদের অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়নও করা যাবে। আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই জিএম পদে পদোন্নতি দিয়ে আসছিল। সে ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকেই পদায়নের সুযোগ ছিল।

মন্ত্রণালয়ের নতুন নীতিমালা অনুযায়ী, জিএম পদে পদোন্নতি পেতে ডিজিএম হিসেবে কমপক্ষে তিন বছর এবং ৯ম গ্রেড হতে ১৮ বছরের অভিজ্ঞতা বিবেচনা করা হবে। এ শর্তের কারণে জনতা, সোনালী, অগ্রণী ব্যাংকের ৯ম গ্রেড থেকে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকাররাও পদোন্নতির তালিকায় আসতে পারছেন না। কারণ, ডিজিএম হিসেবে অনেকেরই তিন বছর পূর্ণ হয়নি। অথচ রূপালী ব্যাংকে একই গ্রেডের অনেক কর্মকর্তা জিএম পদে পদোন্নতির জন্য যোগ্য হবেন।

জানা যায়, ২০০৫-০৬ সালের দিকে রূপালী ব্যাংক বিক্রির আলোচনা হয়েছিল। এ নিয়ে ওই সময়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হলে অনেকে ব্যাংকটির চাকরি ছেড়ে দেন। তাতে শূন্য পদে দ্রুত পদোন্নতি পান ব্যাংকটির অনেক কর্মকর্তা।

ফলে বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে ১৯৯৮ সালে ওই ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ পদোন্নতি পেয়ে এমডি হয়ে গেছেন। কিন্তু অন্য ব্যাংকে একই ব্যাচে নিয়োগ পাওয়া অনেকে এখনো উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে রয়েছেন। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিএম পদে পদোন্নতির সিদ্ধান্তে রূপালী ব্যাংকের কর্মকর্তারাই বেশি লাভবান হবেন। কারণ, তাঁরা রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকের শূন্য পদে পদায়নের সুযোগ পাবেন।

জনতা ব্যাংকের কর্মকর্তারা চিঠিতে জানিয়েছেন, নতুন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন হলে একই সময়ে একই পরীক্ষার মাধ্যমে যোগদান করার সবার সমান সুযোগের ব্যত্যয় ঘটবে। পদোন্নতির ক্ষেত্রে স্থবিরতা দেখা দেবে। এ থেকে সৃষ্ট হতাশা ও কর্মবিমুখতা ব্যাংকিং খাতকে দুর্বল করে দেবে, যাতে সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০১৮ সালে ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তাতে বলা হয়েছিল, এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত থাকবে। এখন এসব কর্মকর্তা নিয়োগের দায়িত্ব পুরোপুরি মন্ত্রণালয়ে চলে গেছে।

জনতা ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে চিঠিতে জানিয়েছেন, এ ক্ষেত্রে ব্যতিক্রম হলে শুধু কর্মকর্তারাই নয়, প্রতিটি ব্যাংকের নিজস্বতাও ক্ষতিগ্রস্ত হবে। তা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতেও বাধা সৃষ্টির কারণ হতে পারে।

দুটি সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই নীতিমালা প্রণয়নের আগে মন্ত্রণালয় তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই নীতিমালার ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। এই সমস্যা মন্ত্রণালয়কেই সমাধান করতে হবে।

এ ব্যাপারে চেষ্টা করেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।