
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আজ বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরাম’। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচির নামে তাঁরা এই অবস্থান নেন।
জানা গেছে, এই কর্মসূচিতে সমর্থন দেন ব্যাংকের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা-কর্মচারী। ওই সময়ে ব্যাংকের অনেক শাখায় সেবা বিঘ্নিত হয়।
আজ সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করে গ্রাহকদের একাংশ। ফলে সেবাপ্রত্যাশী অনেক গ্রাহক ব্যাংকে প্রবেশ করতে পারেননি।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘কলম বিরতি পালন করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কোনো কর্মকর্তা গ্রাহকসেবা না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি গ্রাহক এই সময়ে ব্যাংকে না আসেন, তাহলে কাকে সেবা দেবেন কর্মকর্তারা। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত।’
মতিঝিলের দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক দাবি করেন, সচেতন গ্রাহক ফোরামের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তা-কর্মচারী এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। ব্যাংকটিকে ধ্বংস করতে আওয়ামী লীগ সরকারের সময়ের বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ কঠোর কর্মসূচি আসতে পারে।
সচেতন গ্রাহকদের ফোরামের দাবির মধ্যে বাকিগুলো হলো ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পর্ষদে না রাখা, ব্যাংক রেজোল্যুশন অ্যাক্ট থেকে ১৮ (ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে, সেই ব্যবস্থা করা, ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।