এজেন্ট গ্রাহকদের ৬২ শতাংশই নারী

ব্যাংক এশিয়া ২০১৪ সালে ব্যাংকিং সেবার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় আনতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে। বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি মিলিয়ে ৩১টি ব্যাংক এ সেবা দিচ্ছে। বর্তমানে এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণকারীর সংখ্যা দেড় কোটির বেশি। এর মধ্যে ব্যাংক এশিয়ার গ্রাহক ৫৫ লাখের বেশি। এসব গ্রাহকের ৯২ শতাংশই গ্রামীণ জনগোষ্ঠী। আবার ৬২ শতাংশ গ্রাহকই নারী। সারা দেশে ব্যাংক এশিয়ার ৫ হাজার ৪০০-এর বেশি এজেন্ট আউটলেট রয়েছে, যাদের মধ্যে নারী এজেন্ট ৫৪০ জন।

এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংক এশিয়া এখন পর্যন্ত এক হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। এর মধ্যে ৪০ হাজারের বেশি কৃষক ঋণ পেয়েছেন প্রায় ২৬০ কোটি টাকা। দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এজেন্টদের মাধ্যমে ব্যাংক এশিয়া ২৯ লাখ সুবিধাভোগীর হাতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা পৌঁছে দিচ্ছে।