সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণমান কমাল মুডিস

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রা মজুতের মান হ্রাস করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। এক বার্তায় তারা জানিয়েছে, এসআইবিএলের বৈদেশিক মুদ্রা মজুতের মান বি৩ থেকে নামিয়ে বি২ করা হয়েছে এবং ব্যাংকটির বেসলাইন ক্রেডিট অ্যাসেসমেন্ট (বিসিএ) বি৩ থেকে নামিয়ে সিএএ ১ করা হয়েছে।

একই সঙ্গে মুডিস এসআইবিএলের ঋণমানের পূর্বাভাসও পরিবর্তন করেছে। যেখানে প্রযোজ্য, সেখানে পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে তারা।

মুডিস বলেছে, এসআইবিএলের বিসিএ হ্রাসের অর্থ হলো, তার সলভেন্সি ও তারল্য কমে যাওয়া। অর্থায়নপ্রক্রিয়া কঠোরতর হওয়ার কারণে তাদের অবস্থার আরও অবনতি হয়েছে। এই মান হ্রাসের আগে থেকেই এসআইবিএল–বিষয়ক পূর্বাভাস নেতিবাচক ছিল বলে জানিয়েছে মুডিস।

তবে এসআইবিএল যদি উচ্চমানের তারল্যের অনুপাত বৃদ্ধি করতে পারে এবং দীর্ঘ মেয়াদে তহবিলের জন্য বাজারনির্ভরতা কাটাতে পারে, তাহলে ব্যাংকটির বিসিএ ও দীর্ঘমেয়াদি ঋণমানে উত্তরণ ঘটতে পারে। বিশেষ করে ব্যাংকটির তারল্যভিত্তিক সম্পদ ও স্পর্শগ্রাহ্য ব্যাংকিং সম্পদের অনুপাত ১৫ শতাংশের ওপরে গেলে এবং তারল্যভিত্তিক সম্পদের মান উন্নত হলে ঋণমান বাড়াতে পারে মুডিস। এ ছাড়া ব্যাংকটির আমানতের ধরন উন্নত হলে এবং তার বাজারভিত্তিক তহবিল ও স্পর্শগ্রাহ্য ব্যাংকিং সম্পদের অনুপাত ১৫ শতাংশের নিচে নামে, সে ক্ষেত্রেও তাদের ঋণমান বৃদ্ধি করবে মুডিস।

এদিকে দেশের আরও সাতটি ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ও মূল্যায়ন কমানোর কথা ভেবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা যায়। তারা বলেছে, বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদি ঋণমান হ্রাসের লক্ষ্যে যে পর্যবেক্ষণ শুরু করার ঘোষণা তারা দিয়েছে, তার অংশ হিসেবে এই সাত ব্যাংকের কথাও উঠে এসেছে। এই সাত ব্যাংক হলো– ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড,  ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও  মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

মুডিস ইনভেস্টর সার্ভিস দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সার্বভৌম ঋণমান বিএ৩ কমানোর বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। সংস্থাটি গত শুক্রবার এ ঘোষণা দিয়েছে। দেশের সামগ্রিক ঋণমান কমলে দুর্যোগের সময় ব্যাংক খাতকে সরকারের সহযোগিতা করার সামর্থ্যও কমে যাবে। তাই স্বাভাবিকভাবেই তখন বাণিজ্যিক ব্যাংকেরও ঋণমান কমবে।

বাংলাদেশের ঋণমান পুনর্মূল্যায়নের কারণ হিসেবে বাংলাদেশের বহির্লেনদেন পরিস্থিতির অবনতি, বাহ্যিক দুর্বলতা ও সরকারি তারল্য কমার কথা উল্লেখ করেছে।

এগুলো দেশের বর্তমান ক্রেডিট রেটিং তথা ঋণমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে। তারা মনে করছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত পর্যাপ্ততার অবনতি রোধে নিয়ন্ত্রক সংস্থার বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতা আছে। সংস্থাটি মনে করে, বর্ধিত ঋণসহায়তা বা বর্ধিত তহবিলসহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করতে চলেছে। কিন্তু কর্মসূচিসংক্রান্ত শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন ঝুঁকির কারণে বাংলাদেশের অর্থনীতিতে ও সমাজব্যবস্থায় যে প্রভাব পড়তে পারে, তা মোকাবিলায় সরকারি সামর্থ্যে দুর্বলতা রয়েছে। বিশেষ করে রিজার্ভ কমে যাওয়ার বিষয়টি বড় অনিশ্চয়তা তৈরি করেছে।