অর্থ মন্ত্রণালয়ের প্রতিবাদ: চীনা ঋণ নিয়ে সতর্কতা আরোপ করেননি অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্য যথাযথভাবে তুলে না ধরায় লন্ডনভিত্তিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে আজ শুক্রবার প্রতিবাদ পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। ৯ আগস্ট মুস্তফা কামালের সাক্ষাৎকার নেয় ফিন্যান্সিয়াল টাইমস।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো প্রতিবাদপত্রে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশকে প্রথমে অভিনন্দন জানানো হয়। পরে বলা হয়, প্রকাশিত ‘চীন থেকে বেল্ট অ্যান্ড রোড ঋণ নিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর সতর্কতা’ শীর্ষক প্রতিবেদনে আ হ ম মুস্তফা কামালের অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

প্রতিবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়, শ্রীলঙ্কা গত মে মাসে ঋণখেলাপি হয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে চাইছে। বাংলাদেশের অর্থমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, যেকোনো দেশের যেকোনো প্রকল্প অর্থায়ন পেতে পারে যদি যথাযথ সমীক্ষার পর বোঝা যায় যে প্রকল্পটি আর্থিকভাবে লাভবান হওয়ার মতো।

যে প্রকল্প সম্ভাবনাময় নয়, বাংলাদেশ কখনোই এমন কোনো প্রকল্পের জন্য কোনো সংস্থা থেকে ঋণ নেয়নি—অর্থমন্ত্রী এ বিষয়েই জোর দিয়ে কথা বলেছেন তাঁর সাক্ষাৎকারে। চীন থেকে ঋণ নেওয়ার বিষয়ে কোনো ধরনের সতর্কতা আরোপ করেননি তিনি।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার যেখানে ৪১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার, সেখানে চীন থেকে নেওয়া ঋণ ৪০০ কোটি ডলার। এ ছাড়া বাংলাদেশের বৈদেশিক ঋণ ২০২১ সালের হিসাবে ৫ হাজার ১০০ কোটি ডলার।

প্রতিবাদপত্রে আরও বলা হয়, ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এক বছর আগের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৫০০ কোটি থেকে কমে ৪ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। অথচ ২০১৯ সালের জুনেই রিজার্ভ ছিল ৩ হাজার ২৭০ কোটি ডলার।

২০২১ সালের আগস্টে তা ৪৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৮১০ কোটি ডলারে উন্নীত হয়, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। রিজার্ভ এখন চার হাজার কোটি ডলার, যা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আইএমএফ যে ঝুঁকিমুক্ত সীমার কথা বলে থাকে, বাংলাদেশের রিজার্ভ এর মধ্যেই আছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, সাক্ষাৎকারে মুস্তফা কামাল বলেছেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) বাংলাদেশের অর্থমন্ত্রী সতর্ক মনোভাব দেখিয়েছেন। তিনি উন্নয়নশীল দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, চীনের বিআরআই ঋণ নেওয়ার আগে অন্তত দুবার ভাবা উচিত।