ভর্তুকির চাপ কমাতে টিসিবির দুটি পণ্যের দাম বাড়িয়েছে সরকার। এদিকে মাসে একাধিকবার পণ্য পেতে চান কার্ডধারীরা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সরকার চলতি ডিসেম্বর মাসের ভর্তুকি মূল্যের ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে। শুধু পরিবার কার্ডধারী এক কোটি পরিবার এসব পণ্য কিনতে পারে। টিসিবি প্রতি মাসে একবার করে এসব পণ্য দিয়ে থাকে। এই দফায় প্রতিটি কার্ডের বিপরীতে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন দেওয়া হয়। তবে মাসে একবার পণ্য দেওয়ায় অনেকেরই সারা মাসের পারিবারিক চাহিদা মিটছে না। তাই বাধ্য হয়ে তাঁদের বাজার থেকে বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। সেসব পরিবার চাইছে, মাসে একাধিকবার টিসিবির পণ্য দেওয়া হোক।
টিসিবির পরিবার কার্ডের অধীনে ও খোলাবাজারে বিক্রি বা ওএমএসের খাদ্যপণ্য একসঙ্গে দেওয়া যায় কি না, তা নিয়ে কাজ করছে সরকার।তপন কান্তি ঘোষ, বাণিজ্যসচিব
গতকাল বুধবার সকালে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। এরপর সারা দিন চলেছে ডাল, চিনি ও সয়াবিনের বিক্রি কার্যক্রম।
সেখানে পণ্য কিনতে আসা অন্তত ১৫ জন পরিবার কার্ডধারীর সঙ্গে প্রথম আলো প্রতিবেদকের কথা হয়। এর মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কম বেতনের চাকরিজীবী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘ছয় সদস্যের পরিবার। বাজারের চাপ যেভাবে বেড়েছে, সেভাবে বেতন বাড়েনি। বাড়তি আয়ের সুযোগও নেই। তাতে এখন আর মাসের শেষ নয়, মাসের শুরুতেই বেতনের টাকা শেষ হয়ে যায়। এ জন্য টিসিবির পণ্য মাসে একবার পেলে পোষায় না। সরকারের মাসে একাধিকবার পণ্য দেওয়া উচিত।’
এদিন যাঁদের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে, তাঁদের অধিকাংশ একই দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, বাজার দরের চেয়ে টিসিবির পণ্য প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। তাতে তাঁদের সংসার খরচের চাপ কিছুটা কমে। কিন্তু যে পরিমাণ পণ্য এক মাসে দরকার হয়, তার তুলনায় টিসিবি কম পণ্য দেয়। এ জন্য সরকারের উচিত মাসে একাধিকবার পণ্য দেওয়া।
তবে টিসিবির সূত্র বলছে, আপাতত সরকারের এমন কোনো চিন্তা নেই। উল্টো সরকার ভর্তুকি কমাতে টিসিবির চিনি ও ডালের দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে। ফলে এখন থেকে একজন ক্রেতাকে প্রতিকেজি ডাল ৭০ ও চিনি ৬০ টাকায় কিনতে হবে। এত দিন প্রতি কেজি ডাল ৬৫ ও চিনি ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে সয়াবিন তেল আগের দামেই, অর্থাৎ প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চিনি ও ডালের দাম বাড়ানোর সমালোচনা করেছেন অনেকে। যা–ই হোক, পরিবার কার্ডধারীরা এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেলের প্যাকেজ পাচ্ছেন ৪২০ টাকায়।
গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ দুটি পণ্যের দাম বাড়ানো প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকায় সরকার দাম সমন্বয় করেছে। এতে সরকারের ওপর ভর্তুকির চাপ একটু কমবে। সরকারকে এবার টিসিবির পেছনে মোট ৫ হাজার কোটি টাকার ওপর ভর্তুকি দিতে হবে। তাতে মোট কেনাকাটা বাবদ খরচ আসবে ১ হাজার কোটি টাকার মতো।
বাণিজ্যসচিব আরও বলেন, টিসিবির পরিবার কার্ডের অধীনে ও খোলাবাজারে বিক্রি বা ওএমএসের খাদ্যপণ্য একসঙ্গে দেওয়া যায় কি না, তা নিয়ে কাজ করছে সরকার। এখন পরিবার কার্ডের মাধ্যমে মাসে ওএমএসের ১০ কেজি চাল পাওয়া যাচ্ছে। সরকার এই দুটি কার্যক্রম এক করতে চাইছে। তবে দুটি আলাদা সংস্থা হওয়ায় একীভূত করার কাজটা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকার টিসিবির পণ্যগুলোর সঙ্গে ছোলা ও খেজুর যোগ করে পবিত্র রমজান উপলক্ষে দুবার পণ্য দেওয়ার চিন্তা করছে বলে জানান বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। এ ছাড়া রমজানের আগে আর কোনো পণ্যের দাম বাড়বে না এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে এলে টিসিবি পণ্যের দাম কমাবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে টিসিবি চেয়ারম্যান মো. আরিফুল হাসানসহ এই সংস্থা ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।