বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

আমানতের উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

গ্রাহকদের আমানতের বিপরীতে কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে চরম অবহেলা ও ত্রুটি-বিচ্যুতি পাওয়ায় দেশের সব তফসিলি ব্যাংককে কড়া সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনামূলক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ চিঠিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন ব্যাংক আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফার ওপর উৎসে কর কেটে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম লক্ষ করা গেছে। ব্যাংকগুলো আইনানুগ হার ও যথাযথ বিধান অনুসরণ না করায় সরকারের রাজস্ব আহরণ বিঘ্নিত হওয়ার পাশাপাশি পরবর্তীকালে কর সমন্বয় ও নিরীক্ষা (অডিট) কার্যক্রমে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের রাজস্ব অপচয় রোধে এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পাঁচটি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে আয়কর আইন, ২০২৩–এর বিধান উল্লেখ করে বলা হয়, গ্রাহকের সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি বা অন্য যেকোনো আমানতের সুদ বা মুনাফা প্রদানের সময় প্রাপকের ধরনভেদে প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে। তবে কোনো করদাতা যদি রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর জমা দিতে ব্যর্থ হন, তবে তার ক্ষেত্রে স্বাভাবিক হারের চেয়ে আরও ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যাংকগুলো কোনোভাবেই কর্তনকৃত উৎসে করের অর্থ বেশি সময় নিজেদের জেনারেল লেজার বা অন্য কোনো ব্যাংক হিসাবে জমিয়ে রাখতে পারবে না। উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ধারা ৮ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই ওই অর্থ সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে এবং চালান ও বিবরণীর কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে অর্থবছরের মাসগুলোর ওপর ভিত্তি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

* জুলাই থেকে মে মাস: অর্থবছরের এই ১১ মাসের যেকোনো সময়ে কেটে রাখা কর, সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী ২ সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

* জুন মাসের ১ থেকে ২০ তারিখ: জুন মাসের প্রথম ২০ দিনের মধ্যে কেটে রাখা কর পরবর্তী ৭ দিনের মধ্যে জমা করতে হবে।

* জুন মাসের ২১ থেকে ৩০ তারিখ: জুন মাসের শেষ দিনগুলোতে কেটে রাখা যেকোনো করের অর্থ পরবর্তী দিনই সরকারি কোষাগারে জমা দেওয়া বাধ্যতামূলক।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।