অফিস-কারখানায় কেমন এসি

গত কয়েক বছরে বাংলাদেশে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। উন্নত জীবনযাত্রার চাহিদা আর সাধ্যের মধ্যে দাম—দুটোই এর পেছনে বড় কারণ। অফিস-আদালত, শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে এসি। সেই সঙ্গে উচ্চবিত্ত পার হয়ে মধ্যবিত্তদের ঘরেও এখন ব্যবহার বাড়ছে এসির।

ঘরবাড়ির এসি ও অফিস-আদালতের এসির মধ্যে রয়েছে পার্থক্য। বাড়ির এসি শুরু হয় এক টন থেকে। কিন্তু অফিসে খোলা পরিবেশে বড় পরিসরে বড় এসির প্রয়োজন হয়ে পড়ে। তাই অফিস-আদালতে ব্যবহার করা হয় ক্যাসেট বা সিলিং এসি। বাড়ির বড় স্পেসে বা কমার্শিয়াল স্পেসের জন্য সিলিং ক্যাসেট বা সিলিং সাসপেন্ডেড এয়ার কন্ডিশনার উপযুক্ত। সিলিংয়ে লাগানো বা ঝুলে থাকা এ ধরনের এসি সাধারণত বিল্ডিংয়ের ভেতর দিয়ে আসা এয়ার পাইপে সংযুক্ত থাকে। নান্দনিক সৌন্দর্য ও কার্যক্ষমতা—দুটোই এতে পাওয়া যায়। কারণ, এগুলো দেখতে আধুনিক আর জানালা বা মেঝে ভেদ করে ইনস্টল করার প্রয়োজন হয় না। বাইরে থেকে শুধু এর চারটি আউটলেট দেখা যায়। যেহেতু এটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন, তাই একটি সিলিং সাসপেন্ডেড এয়ার কন্ডিশনার তিন–চারটি ওয়াল মাউন্টেড ইউনিটের সমান কাজ করতে পারে।

চার ও পাঁচ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসির নান্দনিক ডিজাইন ও কুলিং পারফরম্যান্স গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। নতুন মডেলের পাশাপাশি আসন্ন মডেলের মধ্যে দেশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ভিআরএফ বা ইন্ডাস্ট্রিয়াল এসি। ভিআরএফ প্রযুক্তিকে বলা হয় চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক শীতাতপনিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং ব্যবস্থা। একই সময়ে পুরো ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এ প্রযুক্তি। একটি ভবনের ইনডোর এয়ার কন্ডিশনিং ইউনিটগুলো সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা হয়। ভিআরএফ এসিগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে কমফোর্ট কুলিং এবং ডুয়াল সেন্সিং সিস্টেম। ফলে প্রয়োজন অনুযায়ী ঠান্ডা ও গরম বাতাস পাওয়া যায়। এটি অফিস-আদালতের সুবিধামতো যেকোনো স্থানে স্থাপন করা যায়।

বাণিজ্যিক ভবনে ব্যবহৃত এসি প্রসঙ্গে এলজি বাটারফ্লাই গ্রুপের সহকারী ব্যবস্থাপক সানি ঘোষ বলেন, অফিস-কারখানায় এসি চালাতে হলে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। এসি মোনোব্লক হোক কিংবা স্পিট সিস্টেম, এগুলোর কোনোটিতে থাকে ইনভার্টার প্রযুক্তি, কোনোটিতে আবার তা অনুপস্থিত। ইনভার্টার-সংবলিত এসি কমপ্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে, ফলে রেফ্রিজারেন্ট গ্যাস ফ্লো রেটও থাকে নিয়ন্ত্রণে। অর্থাৎ এগুলো কম বিদ্যুৎ শক্তি খরচ করে। তাই অফিস বা কারখানার যাঁরা অ্যানার্জি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার খুঁজছেন, তাঁদের জন্য ইনভার্টার প্রযুক্তিসহ এসি কেনাই যুক্তিযুক্ত হবে।

অফিস-আদালত, প্রার্থনালয় ও শিল্পকারখানায় এসি ব্যবহারের ক্ষেত্রে সানি ঘোষের পরামর্শ—এসব জায়গায় যেহেতু ধুলার পরিমাণ বেশি থাকে, তাই সচেতনতাও দরকার বেশি। নিয়মিত পরিষ্কারের দিকে নজর দিতে হবে। ফিল্টার অপারেটিং চেক করতে হবে। অতিরিক্ত কুলিং উপেক্ষা করতে হবে। আউটডোরে এমন জায়গায় এসিগুলো রাখতে হবে, যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস পায়। আবদ্ধ জায়গায় রাখলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আর বছরে একবার অবশ্যই অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দিয়ে মাস্টার ক্লিন করাতে হবে। বিজ্ঞাপন বার্তা