ওয়ালটনের ফোন

তিন ক্যামেরার স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন

বাজারে এসেছে সাশ্রয়ী মূল্যের ‘বাজেট বস’ স্মার্টফোন ‘প্রিমো জিএইচ ইলেভেন’। নজরকাড়া ডিজাইনের ফোনটি বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। এতে বড় পর্দার এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ ওএসসহ আকর্ষণীয় সব ফিচার আছে।

ওয়ালটন মোবাইলের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা এস এম রেজওয়ান আলম জানান, প্রাথমিক পর্যায়ের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচ ইলেভেন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। এর ডিজাইন ও পারফরম্যান্স সবার মন কেড়ে নেবে। গ্রাস গ্রিন, নাইট ব্লু ও গ্রে ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। এর দাম ৯ হাজার ৯৯ টাকা হলেও ক্রেতারা পাচ্ছেন মাত্র ৭ হাজার ৫৯৯ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টজ গতির হেলিও এ২২ এআরএম করটেক্স এ৫৩ প্রসেসর। সঙ্গে আছে পাওয়ার ভিআর জিই ৮৩০০ গ্রাফিকস এবং ২ গিগাবাইট এলপিডিডিআরফোরএক্স র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং ও দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।