
আধুনিক বিপণনের জনক, তথা বিপণনশাস্ত্রের বিশ্বগুরুখ্যাত ফিলিপ কটলার ও তাঁর সহযোগীদের লেখা ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ (ইওএমএম) শীর্ষক বইয়ের স্থানীয় সংস্করণে বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাফল্যের গল্প স্থান পাবে। গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনের মানোন্নয়নে যে অবদান রাখছে, সেই সব গল্পই কেস স্টাডি হিসেবে তুলে ধরা হবে বইটিতে।
এ ব্যাপারে গ্রামীণফোন, কটলার ইমপ্যাক্টের এদেশীয় সহযোগী নর্দার্ন এডুকেশন গ্রুপ (এনইজি) ও গ্রামীণফোনের মিডিয়া পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ চুক্তি সই হয়। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিপ কটলারের বইটির স্থানীয় সংস্করণে প্রকাশের জন্য গ্রামীণফোন মাইজিপির সাফল্যের গল্প জমা দিয়েছে। বইটিতে উপস্থাপিত মাইজিপির কেস স্টাডি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থী, পেশাজীবী, বিশেষজ্ঞ ও কর্মীদের একাডেমিক ক্ষেত্রে ও বাস্তবিক জ্ঞান লাভে সহায়তা করবে। এসব গল্প নতুন যুগের বিপণন পেশাজীবীদের মধ্যে উদ্যোক্তার মানসিকতা তৈরি করবে। পাশাপাশি তাঁরা গ্রামীণফোনের বিভিন্ন সামাজিক উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য বড় কিছু করতে উৎসাহিত হবেন।
চলতি বছরেই বইটি ছাপা হবে এবং বাজারে পাওয়া যাবে। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনেও কিনতে পাওয়া যাবে বইটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সিডিএসও সোলায়মান আলম, বিপণন প্রধান নাফিস আনোয়ার চৌধুরী এবং ডিজিটাল চ্যানেল ও সরবরাহ প্রধান জাহিদুজ জামান।
অন্যদিকে নর্দার্ন এডুকেশন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) উপাচার্য আনোয়ার হোসেন, সহ-উপাচার্য নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ ও ইওএমএম প্রকল্পের সমন্বয়ক জায়েদ ইকবাল আবির। এ ছাড়া অনুষ্ঠানে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোরশেদ আলম ও নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ।
চুক্তি স্বাক্ষরের পর গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘মাইজিপির সফলতার গল্প ফিলিপ কটলারের বইতে প্রকাশিত হবে, এটা অত্যন্ত আনন্দের খবর। আশা করছি মাইজিপির এসব গল্প নতুন যুগের বিপণনকারীদের অনুপ্রাণিত করবে।’
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘ইওএমএমের জন্য গ্রামীণফোন ও এনইউবির চুক্তি স্বাক্ষর করপোরেট বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।’
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ ব্যবহারকারীদের পারসোনালাইজড কনটেন্ট সেবা দেয়। বর্তমানে অ্যাপটির ১ কোটি ৫০ লাখের বেশি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছেন।