
রাজধানীর মহাখালীতে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সেখানকার বীর উত্তম এ কে খন্দকার রোডের সিভিল ইঞ্জিনিয়ার্স ভবনে ব্যাংকের ৩৭তম শাখা খোলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সম্প্রতি প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান ও ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার এবং ডিএমডি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবিরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান গুরুত্বপূর্ণ। সে জন্য এ খাতের উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাঁদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, মূলধন পর্যাপ্ততা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এই ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আরও নতুন ১০টি শাখা ও উপশাখা চালুর পরিকল্পনা রয়েছে।