
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি অর্থায়ন সুবিধা সম্প্রসারণের জন্য ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কৃষিপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম অঙ্কুরের উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেড। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এই অংশীদারি চুক্তির আওতায় আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে।