ম্যাড স্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে ডিবিএল সিরামিকসের উদ্যোগ ‘টাইলচক’
ম্যাড স্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে ডিবিএল সিরামিকসের উদ্যোগ ‘টাইলচক’

ম্যাড স্টারসে গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সাফল্য বয়ে এনেছে ডিবিএল সিরামিকস। ম্যাড স্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে তাদের সাসটেইনেবল উদ্যোগ ‘টাইলচক’। এ ছাড়া পিআর ও ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাকটিভেশন ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এই উদ্যোগ।

ডিবিএল সিরামিকসের উদ্যোগে তৈরি টাইলচকে সিরামিক তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা কাদা থেকেই ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগ শিল্পকারখানার বর্জ্যকেই সম্পদে রূপান্তর করেছে। ফলে বর্জ্য হ্রাস পেয়েছে, বেড়েছে শিক্ষা ও সামাজিক উন্নয়ন।

এর আগে অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস ও স্পাইকস এশিয়ার মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে টাইলচক।

এই প্রকল্পের সাফল্য প্রমাণ করে টেকসই উন্নয়ন কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে সিরামিক বর্জ্য থেকেই তৈরি করা হচ্ছে লেখার চক। চক তৈরির এই পদ্ধতি ওপেন সোর্স (সবার জন্য উন্মুক্ত) করার মাধ্যমে টাইলচক এই ধারণা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। ডিবিএল সিরামিকস দেখাতে চায় কীভাবে বর্জ্যকে পুনরায় সম্পদ হিসেবে ভাবা যেতে পারে।

ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচকের প্রাপ্ত সব স্বীকৃতির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাড স্টারসের এই স্বীকৃতিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতিগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বর্জ্য কমাতে ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের এখনো অনেক কিছু করার আছে। টাইলচক আমাদের দেখিয়েছে যে নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে ভিন্নভাবে তাকালে সমাধান পাওয়া সম্ভব। এখন আমাদের দায়িত্ব হলো উদ্ভাবন চালিয়ে যাওয়া, নতুন কিছু শেখা এবং আরও সাসটেইনেবল ফিউচারের জন্য কাজ করে যাওয়া।’

ডিবিএল সিরামিকস ও পপ ফাইভের যৌথ উদ্যোগে তৈরি টাইলচকের এই স্বীকৃতি ও সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণ করল যে কীভাবে স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি সমাধান গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। একই সঙ্গে এটি দায়িত্বশীল উৎপাদন এবং উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকসের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।