
২০২৬ সালের প্রথম ছয় মাসে ‘কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (কাসা) ডিপোজিটে’ পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।
সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। রিলেশনশিপ-বেসড ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসইয়ত্ব বজায় রেখেছে ব্যাংকটি। এই উল্লেখযোগ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
গতকাল শনিবার ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড, ব্রাঞ্চ ম্যানেজারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এ অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তারই প্রতিফলন। গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ব্যাংকিং সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’