দেশজুড়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরিতে বিশ্বসাহিত্য কেন্দ্রকে এ বছর নতুন করে আরও ৪০ হাজার বই দিয়েছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে গতকাল বুধবার এসব বই হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা শেখ মো. মনিরুল ইসলাম। বিকাশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এ নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে গত ১২ বছরে ৩ লাখ ৬৭ হাজারের বেশি বই উপহার দিয়েছে বিকাশ। ২০১৪ সাল থেকে বইপড়া কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো দেশের প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এ বছর দেওয়া ৪০ হাজার বই দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। যার মধ্যে নতুন ৮০টি স্কুলও রয়েছে।
কয়েক দশক ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কর্মসূচির আওতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এক যুগের বেশি সময় ধরে এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ।
বই হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ভালো পরিবেশ পারে আলোকিত মানুষ তৈরি করতে। জ্ঞানচর্চা, পাঠাভ্যাস তৈরি ও আলোকিত মানুষ গড়ার বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।
বই হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান, যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান প্রমুখ।