কৌশলগত অংশীদারত্ব জোরদার ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়নসুবিধা বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামি বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
গত মঙ্গলবার ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
বৈঠকে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমানের নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিব ইউসুফ আল-আমাহ্।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহায়তা বাড়ানো, আন্তসীমান্ত বাণিজ্যে অর্থায়নের পরিধি বাড়ানো এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি পাঁচ দিনের সফরে গত ৩০ আগস্ট ঢাকা আসে।
বৈঠকে বিশেষ করে বাণিজ্য অর্থায়ন, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
উভয় প্রতিষ্ঠান বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।