ইউরোপের ছয় দেশে বাজারজাতের অনুমোদন পেল রেনাটার লেভোথাইরক্সিন ট্যাবলেট

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। কোম্পানিটি জানায়, এই অনুমোদনের ফলে ওষুধটি ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের মাধ্যমে ইউরোপের দেশ আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় বাজারজাত করা যাবে।

রেনাটা বলছে, এই অনুমোদন ইইউভুক্ত ছয়টি দেশে রেনাটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এই অর্জন ইউরোপীয় কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতার স্বীকৃতি এবং বিশ্বব্যাপী রোগীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ সরবরাহে রেনাটার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন, যা প্রধানত হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড-সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অত্যন্ত সংবেদনশীল ওষুধ হওয়ায় রোগীর বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ডোজ বা ওষুধের গুণগত মানে সামান্য পরিবর্তনও চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

রেনাটা ওষুধটি উৎপাদনে ইউরোপের উন্নত মান নিয়ন্ত্রণব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক ফর্মুলেশনের মাধ্যমে প্রতিটি ট্যাবলেটে নির্ভুল মাত্রা নিশ্চিত করা হয়, যা রোগীর নিরাপত্তা ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে।

বাংলাদেশে রেনাটা তাদের থাইরক্স ব্র্যান্ড নামে লেভোথাইরক্সিন বাজারজাত করে আসছে এবং থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে এটি দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড। বাংলাদেশের মতো ইউরোপীয় বাজারগুলোতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্পন্ন লেভোথাইরক্সিন সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ রেনাটা।