চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা; ৫ ফেব্রুয়ারি ২০২৬
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা; ৫ ফেব্রুয়ারি ২০২৬

মেট্রোরেলের চার স্টেশনে বিজ্ঞাপনের জায়গা পেল দুই প্রতিষ্ঠান

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন–৬) চারটি স্টেশনের অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য জায়গা বরাদ্দ পেয়েছে দুটি প্রতিষ্ঠান।

জায়গা বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ। আর স্টেশন চারটি হলো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডিএমটিসিএলের কোম্পানি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এন এন কমিউনিকেশনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইকবাল হোসেন এবং জালালাবাদ গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী নাবিল আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, মেট্রোরেলের উল্লিখিত চারটি স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি। এতে রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের কাছে বিভিন্ন পণ্যের প্রচার ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ বাড়বে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির মাধ্যমে মেট্রো স্টেশনগুলোর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় এন এন কমিউনিকেশনস ও জালালাবাদ এন্টারপ্রাইজের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।