বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সই

সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত পাঁচ হাজার কোটি টাকার মূলধন পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে আইএফআইসি ব্যাংকের সঙ্গে।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও হেড অব এসএমই ফারিয়া হায়দার।

বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহ করা হবে। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনায় সহায়তা করা। পাশাপাশি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করাও এর লক্ষ্য। মূলত এর মাধ্যমেই মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার উদ্দেশে বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠন করেছে।

এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান, যারা প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা কিংবা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না তারা মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।

দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে সিএমএসএমই খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।