
দেশের পুঁজিবাজারে ব্যতিক্রমধর্মী অবদান এবং উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে (জিডিসিএল) স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনায় মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে সেরা হিসেবে এ পুরস্কার প্রদান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৫ জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রিনডেল্টা ক্যাপিটালের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ সোহরাব হোসেন পুরস্কার গ্রহণ করেন। জিডিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
বিএসইসি গত বছর থেকে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়।
গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) বাংলাদেশের একটি বিনিয়োগ ব্যাংক। স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ঋণ ইক্যুইটি, বন্ড, একীভূতকরণ এবং অধিগ্রহণ, গবেষণা এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করছে জিডিসিএল। ১১ বছরের পথচলায় গ্রিনডেল্টা ক্যাপিটাল আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে।