
মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে সম্প্রতি সম্পন্ন হয়েছে দুই সপ্তাহব্যাপী বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প। নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই সার্জারি ক্যাম্প পরিচালিত হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে যমুনা ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই সপ্তাহব্যাপী এই ক্যাম্পে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীর মধ্যে ১৩৫ জনের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সার্জারি ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার মেনো হুইকেশোভেন এবং তাঁর দলের অন্য চিকিৎসকেরা। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।