
গুডউইয়ের নতুন আবাসিক এনার্জি সিস্টেমে ইও জি২ ইনভার্টারের সঙ্গে যুক্ত হয়েছে লিংক্স এ জি৪ ব্যাটারি, যা বাংলাদেশের পরিবার ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
সৌর ইনভার্টার ও এনার্জি স্টোরেজ খাতের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুডউই সম্প্রতি বাংলাদেশে চালু করেছে ইও জি২ অফগ্রিড ইনভার্টার ও লিংক্স এ জি৪ ১৬.১ কিলোওয়াট-ঘণ্টার লো ভোল্টেজ ব্যাটারি। গুডউইয়ের ইনভার্টার প্রযুক্তিতে ১৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই নতুন আবাসিক এনার্জি সিস্টেম। গুডউইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় গুডউই ইতিমধ্যে ৪৫টির বেশি জেলায় কার্যক্রম সম্প্রসারণ করেছে, ১০০টির বেশি ইপিসি পার্টনারের নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং ৬০০টির বেশি পরিবারে নির্ভরযোগ্য ক্লিন এনার্জি সলিউশন পৌঁছে দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে কয়েক লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। তবে গ্রিড অবকাঠামোর অনির্ভরযোগ্যতা এখনো পরিবার ও ক্ষুদ্র ব্যবসার জন্য বিদ্যুৎ সরবরাহে নানা চ্যালেঞ্জ তৈরি করছে, যা নির্ভরযোগ্য ও স্থিতিশীল এনার্জি সলিউশনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে। তাই তৈরি করা হয়েছে ইও জি২, যেখানে গ্রিড বিদ্যুৎ সব সময় নির্ভরযোগ্য নয়, সেখানে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে।
ইও জি২–এর সঙ্গে লিংক্স এ জি৪ ব্যাটারি যুক্ত হলে বিদ্যুৎ চলে যাওয়ার পর ৪ মিলিসেকেন্ডের কম সময়ে ব্যাকআপ পাওয়ারে সুইচ করতে পারে। ফলে বিদ্যুৎ–বিভ্রাট কার্যত টের পাওয়ার আগেই ব্যাকআপ ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়—কোনো বোতাম চাপা, পুনরায় চালু করা বা ম্যানুয়াল পদক্ষেপের প্রয়োজন হয় না। ইনস্টলেশন প্রক্রিয়াটিও সহজ। প্রায় পাঁচ মিনিটে সিস্টেমটি অনসাইট কমিশন করতে পারেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী করে তৈরি ইও জি২-তে রয়েছে আইপি৬৬ রেটেড সিলড ডিজাইন ও এভিয়েশন—গ্রেড কানেক্টর, যা পানি, ধুলাবালু, আর্দ্রতা ও মাইনাস ৩৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চরম তাপমাত্রার মধ্যেও নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করে।
পুরো সিস্টেমটি ওয়ারেন্টি সুবিধার আওতাভুক্ত। ইও জি২ ইনভার্টারে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি, লিংক্স এ জি৪ ব্যাটারিতে সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টি।
গুডউইয়ের সেলস হেড জেমস হো বলেন, ইও জি২–এর মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল এমন একটি আবাসিক এনার্জি স্টোরেজ সলিউশন তৈরি করা, যা নিরাপদ, নির্ভরযোগ্য ও সহজে ইনস্টলযোগ্য। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো বাজারের প্রয়োজন বিবেচনায় রেখে এটি ডিজাইন করা হয়েছে।