অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হয়েছে দেশের প্রসাধনী এবং ত্বক পরিচর্যা ও হোমকেয়ার পণ্যের শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত তিন দলের এই টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। চার–ছক্কার জমজমাট আসরটি বসেছে রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রিমার্ক এইচবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ ও আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ অংশ নিয়েছে। ধূমকেতু দলে প্রাধান্য পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে দুর্বার একাদশ ও হাইপারফরম্যান্স স্কোয়াডের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে দুরন্ত একাদশ গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি দলের সঙ্গে দুজন করে বিসিবি পরিচালককে মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে। ধূমকেতু দলের মেন্টর রুবাবা দৌলা ও আবদুর রাজ্জাক, দুর্বার দলে শানিয়ান তানিম ও আবুল বাশার এবং দুরন্ত দলে খালেদ মাসুদ ও আসিফ আকবর দায়িত্ব পালন করবেন।
লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা প্রাইজমানি।
সূচি অনুযায়ী, আজ শুক্রবার ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ। আগামীকাল ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে খেলবে দুর্বার ও দুরন্ত একাদশ। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ম্যাচের আগে সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম বা আইডি কার্ড দেখিয়ে বিনা মূল্যে খেলা উপভোগ করতে পারবে। তাদের জন্য মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ক্লাব হাউস গ্যালারিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রিমার্কের পণ্যের সম্ভারে রয়েছে—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, একনল, সিওডিলসহ শতাধিক দেশি–বিদেশি মানসম্পন্ন ব্র্যান্ড। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খেলাধুলা, তারুণ্য ও ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। সেই ধারাবাহিকতায় এবার অদম্য বাংলাদেশ টি–২০ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।