সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের কাছ থেকে নতুন বিনিয়োগ পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অলীন। প্রতিষ্ঠানটির জন্য এই অর্থায়ন আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন বিনিয়োগ অলীন-এর গবেষণা ও পণ্য উন্নয়ন দ্রুততর করার পাশাপাশি গ্রাহক সেবা বাস্তবায়ন ও সাপোর্ট সক্ষমতা জোরদার করতে ব্যবহার হবে। এ ছাড়া বিশেষায়িত প্রযুক্তি ও ব্যবসায়িক জনবল নিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
অলীন মূলত ব্যবসার গ্রাহক সম্পৃক্ততা ও পরিচালন দক্ষতা উন্নত করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রযুক্তি সমাধান তৈরি করে। এর পণ্যসম্ভারের মধ্যে রয়েছে ওমনিচ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম, এআই-চালিত চ্যাটবট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সমাধান।
অলীন-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের সমর্থন আমাদের ভিশন ও সক্ষমতার প্রতি শক্তিশালী আস্থার প্রতিফলন।’
প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবসার উৎপাদনশীলতা, গ্রাহক অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন দ্রুত বদলে দিচ্ছে। অলীন যে সমস্যাভিত্তিক ও ব্যবহারযোগ্য এন্টারপ্রাইজ প্রযুক্তি তৈরি করছে, তার আন্তর্জাতিক বাজারে বড় হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।’