আকিজ সিরামিকসের নতুন দুই বিক্রয়কেন্দ্র উদ্বোধন

ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে নারায়ণগঞ্জে নতুন দুটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেছে দেশের সিরামিক টাইলস খাতের অন্যতম শীর্ষ ব্র্যান্ড আকিজ সিরামিকস। আজ বৃহস্পতিবার নতুন বিক্রয়কেন্দ্র দুটি উদ্বোধন করা হয়।

বিক্রয়কেন্দ্র দুটি নারায়ণগঞ্জের চাষাড়া ও গলাচিপা এলাকায় অবস্থিত। এগুলো হলো চাষাড়া শহরের আকিজ সিরামিকসের ব্যবসায় সহযোগী বিক্রয়কেন্দ্র মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ ও গলাচিপা এলাকায় আকিজ সিরামিকসের অংশীদারি খুচরা বিক্রয়কেন্দ্র সাফা সিরামিক গ্যালারি।

সম্প্রতি নতুন বিক্রয়কেন্দ্র দুটি উদ্বোধন করেন আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মোহাম্মদ আশরাফুল হক ও ব্র্যান্ডপ্রধান শাহ্জাদা ইয়াসির আরাফাত।

এ ছাড়া মোহাম্মদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল মামুন মোল্লা ও সাফা সিরামিক গ্যালারির স্বত্বাধিকারী দিদার হোসেনসহ আকিজ সিরামিকস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আকিজ সিরামিকস জানায়, দেশের শীর্ষ সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস গ্রাহকদের চাহিদা অনুসারে গুণেমানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে আনছে। কাজের স্বীকৃতি হিসেবে পরপর তিনবার সেরা ব্র্যান্ড হওয়ার পুরস্কার অর্জন করেছে তারা।

আকিজ সিরামিকসের বিক্রয়কেন্দ্রগুলোতে অনন্য সাইজ ও অত্যাধুনিক সব নকশার টাইলস প্রদর্শন করা হয়। ফলে বিক্রয়কেন্দ্রগুলো থেকে গ্রাহকেরা সরাসরি যাচাই করে পছন্দের পণ্য কিনতে পারবেন।

সর্বোচ্চ মানের গ্রাহকসেবা দিতে সারা দেশে আকিজ সিরামিকসের শতাধিক নিজস্ব ও ব্যবসায় অংশীদারদের বিক্রয়কেন্দ্র আছে। ফলে দেশের শহর, উপশহর ও থানা পর্যায়ে গ্রাহকদের হাতের নাগালে চলে গেছে আকিজ সিরামিকসের টাইলস। গ্রাহকদের কাছে পৌঁছানোর সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরে নতুন দুটি বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।