বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি বা স্ট্যানচার্ট) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। আজ মঙ্গলবার থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে বহুজাতিক ব্যাংকটি এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এসসিবির নেতৃত্বে আসছেন এনামুল হক। তিনি ব্যাংকটিতে ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ গ্রাহক সম্পর্ক পরিচালনার পাশাপাশি বহুমাত্রিক ও ব্যবসায়িক লেনদেনে নেতৃত্ব দেন।
এ নিয়োগ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। ২৫ বছরের বেশি সময় ধরে এই ব্যাংক আমার পেশাগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই পদে নিয়োগ পাওয়া আমার দীর্ঘ পথচলার স্বীকৃতির পাশাপাশি একটি বড় দায়িত্বও।’
এসসিবির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গত বছরের এপ্রিল থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এনামুল হক মাউন্ট এলিজা বিজনেস স্কুল, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন।