
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনা ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন এবং ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। এগুলো দেশের বিভিন্ন বিদ্যালয়, গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।
মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী বইয়ের সহজলভ্যতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশুরা স্বাধীনভাবে বই পড়া ও শেখার পাশাপাশি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই ও অন্যান্য পাঠ্যসামগ্রী সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি একটি ব্রেইল ছাপাখানাও পরিচালনা করে।
ব্রেইল বই প্রকাশের পাশাপাশি মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফের অংশীদারত্বের আওতায় দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, ‘প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করছি।’
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিসিএফের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এ উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও তরুণদের বই পড়া, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে সহায়তা করবে।