গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ। ১ জুন থেকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গ্রামীণফোন।
দেশে টেলিযোগাযোগ সেবা দেওয়া অন্যতম এই প্রতিষ্ঠান বলছে, এ ভূমিকায় আন্দ্রেয়াস কোম্পানির কৌশলগত রূপান্তরে নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছর মেয়াদি কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধানে থাকবেন। মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর পরিচালনায় নজর দেবেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্স, প্রযুক্তি ও ‘শেয়ার্ড সার্ভিসেস’ বিভাগে নরডিক, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে টেলিনরে আন্দ্রেয়াসের ২১ বছরের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন আন্দ্রেয়াস। তিনি ভাইস প্রেসিডেন্ট অব টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগের অগ্রাধিকার–সংক্রান্ত উদ্যোগগুলো পরিচালনা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতা আরও জোরদার, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং একটি ডিজিটালি আরও সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নতুন পদে যোগদানের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, ‘গতিশীল বাংলাদেশি বাজারে একটি শক্তিশালী ভিত্তি এবং শীর্ষস্থানীয় অবস্থানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি ভালো অবস্থানে রয়েছে গ্রামীণফোন। আমার মূল লক্ষ্য থাকবে সুশৃঙ্খল বাস্তবায়নের সঙ্গে কৌশলগত সমন্বয় ঘটানো; গ্রাহকদের প্রতি আরও গভীর মনোযোগ দেওয়া এবং এমন সমাধান তৈরি করা, যা প্রকৃত অর্থেই তাদের ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করবে।’
গ্রামীণফোনের লিডারশিপ টিমে আন্দ্রেয়াসকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজন। আমার আস্থা আছে, আন্দ্রেয়াসের দূরদর্শী কৌশলগত নেতৃত্ব আমাদের এই রূপান্তরকে ইন্ডাস্ট্রির অন্যদের চেয়ে বেশ আগেই পরিচালনা করতে এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নেতৃত্বকে আরও সংহত করতে সহায়তা করবে।’