চীনা প্রযুক্তির নতুন এ ব্র্যান্ডের দুটি মডেলের টেলিভিশন আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে।

চীনা প্রযুক্তির নতুন ব্র্যান্ডের একটি টেলিভিশন (টিভি) বাজারে এনেছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস কোম্পানি ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। রোয়া নামের নতুন এই টিভির দুটি মডেল বাজারে আনছে তারা। চীনা ইলেকট্রনিকস কোম্পানি দ্য ক্রিয়েটিং লাইফ বা টিসিএলের তৈরি এই টিভিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন প্রযুক্তি। আগামী সপ্তাহ থেকে সারা দেশের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রগুলো থেকে রোয়া টিভি কিনতে পারবেন গ্রাহকেরা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে রোয়া টিভির বাজারজাতকরণের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ট্রান্সকম ও টিসিএলের শীর্ষ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সকমের এক্সক্লুসিভ ডিলার ও পরিবেশকেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রান্সকম ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হক। আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকস ডিস্ট্রিবিউশনের ব্যবসাপ্রধান শোয়েব মো. আসাদুজ্জামান, টিসিএল ওভারসিজ মার্কেটিংয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক মো. রিপন মিয়া, টিসিএলের ভারতীয় সার্ভিস ডিরেক্টর ওয়াং লৌলিন রোলিন প্রমুখ।
স্বাগত বক্তব্যে ট্রান্সকম ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হক বলেন, গত ১৫ বছরে আমাদের ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল বেশ কয়েকটি স্থানীয় ও বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে একত্রে কাজ করেছে। গত পাঁচ-সাত বছরে উৎপাদন ও যথাযথ বিপণনের মাধ্যমে সারা দেশের গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে ট্রান্সকম। খুচরা বিপণনের পাশাপাশি দীর্ঘদিন পর ট্রান্সকম উৎপাদন খাতে বিনিয়োগ শুরু করেছে।
টিভি, ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য তৈরির জন্য দুই বছর আগে নরসিংদীতে ১০০ একরের একটি শিল্পপার্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে উৎপাদন ও বিপণন উভয় দিক দিয়ে দেশের সর্বত্র পৌঁছাতে চায় ট্রান্সকম।
অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকসের ডিস্ট্রিবিউশনের ব্যবসাপ্রধান শোয়েব মো. আসাদুজ্জামান বলেন, প্রথম পর্যায়ে এস৫২ ও ইউ৬২—এই দুই সিরিজের রোয়া টেলিভিশন বাজারে আনছে ট্রান্সকম ইলেকট্রনিকস। বাজারে এখন ৩২ ও ৪৩ ইঞ্চির এস৫২ রোয়া টিভি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড প্রযুক্তির এই টিভিতে থাকবে ডায়নামিক কালার ও ডলবি অডিও প্রযুক্তি।
দেশে প্রথমবারের মতো রোয়া টিভিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরিষ্কার সাউন্ডের পাশাপাশি এই প্রযুক্তির মাধ্যমে রিমোট ছাড়া কণ্ঠস্বর দিয়েই টেলিভিশন নিয়ন্ত্রণ করা যাবে।
অন্যদিকে ইউ৬২ হচ্ছে দেশের প্রথম সরাসরি নিবন্ধিত গুগল টিভি। গুগলের সব ধরনের সুবিধা থাকবে এই টিভিতে। ৪৩, ৫০, ৫৫ ও ৬৫ ইঞ্চির এই টিভির বিশেষত্ব হচ্ছে আলো কিংবা অন্ধকারে আলো ও রঙের ভারসাম্য রক্ষা করতে পারবে। এ ছাড়া ডলবি অডিও প্রযুক্তিও থাকবে এই মডেলটিতে। প্রযুক্তিগত দিক দিয়ে ইউ৬২–এর সমপর্যায়ের টিভি এখনো দেশের বাজারে অন্য কেউ আনেনি বলে জানান আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সকম ডিজিটালের ৬৮টি নিজস্ব বিক্রয়কেন্দ্র ও ৩৭ জেলায় এক্সক্লুসিভ পরিবেশকের মাধ্যমে এ টিভি গ্রাহকদের কাছে পৌঁছানো হবে। এ ছাড়া সারা দেশের গ্রাহকের কাছে এ টিভি পৌঁছে দিতে প্রথমবারের মতো পরিবেশক নিয়োগ করতে যাচ্ছে ট্রান্সকম। এ জন্য নতুন করে শুরুতে সারা দেশে ৩০ জন পরিবেশক নিয়োগ করা হয়েছে।
টিসিএলের ভারতীয় সার্ভিস ডিরেক্টর ওয়াং লৌলিন রোলিন বলেন, দর্শকদের স্বস্তিদায়ক বিনোদন দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তির সমন্বয় করা হয়েছে রোয়া টিভিতে। গুগলের সঙ্গে আনুষ্ঠানিক নিবন্ধন থাকায় ইউটিউব, আমাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, জিফাইভসহ ৭ হাজারের বেশি অ্যাপলিকেশন থাকবে এই টিভিতে।