
দেশের জনপ্রিয় ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম চতুর্থবারের মতো জীবনবিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা পণ্যদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে সম্প্রতি তাঁর একটি চুক্তি হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটলাইফ বাংলাদেশ এই তথ্য জানিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মুশফিকুর রহিম সমাজে আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির কাজ করবেন। মেটলাইফ বাংলাদেশের বিভিন্ন বিমা পরিকল্পনা ও ‘ওয়ান বাই মেটলাইফ’ শীর্ষক অ্যাপের ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের জানাবেন। বাংলাদেশে ১০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।