
স্মার্ট ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে এগিয়ে নিতে কৌশলগত অংশীদারত্বের উদ্যোগ নিয়েছে এনসিসি ব্যাংক ও গ্রামীণফোন (জিপি)। দেশে ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ডিজিটাল লেনদেনসুবিধা সহজ করতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে।
সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিসি ব্যাংক।
বৈঠকে এনসিসি ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, আইসিটি প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।