মক্কা শহরে খাবার সরবরাহে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে সৌদি আরবের সারি ও মক্কা মিউনিসিপ্যালটির আল-বালাদ আল-আমিন টেকনোলজিসের সঙ্গে শপআপের কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষর হয়েছে
মক্কা শহরে খাবার সরবরাহে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে সৌদি আরবের সারি ও মক্কা মিউনিসিপ্যালটির আল-বালাদ আল-আমিন টেকনোলজিসের সঙ্গে শপআপের কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষর হয়েছে

মক্কা শহরে খাবার সরবরাহে ডিজিটাল প্ল্যাটফর্ম করবে বাংলাদেশের শপআপ

সৌদি আরবের মক্কা শহরে খাবার সরবরাহব্যবস্থা আরও সংগঠিত করতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানি শপআপ।

সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘সারি’ ও মক্কা মিউনিসিপ্যালটির বিনিয়োগ শাখা আল-বালাদ আল-আমিন টেকনোলজিসের সঙ্গে শপআপের একটি কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্ব শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্কের (এসএলকিউ) বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো তৈরির লক্ষ্য বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শপআপ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবসা থেকে ব্যবসার (বিটুবি) সরবরাহশৃঙ্খল তৈরিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে শপআপের। তাই সৌদি আরবে হজ ও ওমরাহ মৌসুমে খাদ্য সরবরাহব্যবস্থাকে আধুনিকায়ন করতে কাজ করবে শপআপ।

শপআপ জানায়, এই যৌথ উদ্যোগ মক্কার খাদ্য সরবরাহ কার্যক্রমে পরিচালনায় একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করবে। ফলে ক্যাটারিং কন্ট্রাক্টর (খাবার সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠান) সুশৃঙ্খল ও স্বচ্ছ কাঠামোর মাধ্যমে তাদের ক্রয়াদেশ পরিচালনা করতে পারবেন। পণ্যের উৎস নিশ্চিত করে এ প্ল্যাটফর্ম প্রতিবছর কয়েক লাখ হাজির জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত খাদ্যসেবা নিশ্চিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে এই প্ল্যাটফর্ম সৌদি আরবের স্থানীয় খাবার সরবরাহব্যবস্থার ওপর গুরুত্ব দেবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিকভাবে বাণিজ্যের পথ উন্মুক্ত করবে। প্ল্যাটফর্মটি পূর্ণতা পেলে এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য একটি নিয়ন্ত্রিত ও সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে। যার মাধ্যমে তারা সরাসরি হজ ও ওমরাহ–সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে।

শপআপ আরও জানায়, দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য সংগ্রহপ্রক্রিয়া সহজ ও ডিজিটাল করার লক্ষ্য নিয়ে শপআপ যাত্রা শুরু করেছিল। শপআপের সিল্ক প্ল্যাটফর্মের অধীন শপআপ তাদের কারিগরি ও ব্যবসায়িক দক্ষতা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।