রুহুল কুদ্দুস খান, শাদমান সাদিকিন, সামসুদ্দোহা নাঈম, শারমিন আক্তার। বাঁ দিক থেকে
রুহুল কুদ্দুস খান, শাদমান সাদিকিন, সামসুদ্দোহা নাঈম, শারমিন আক্তার। বাঁ দিক থেকে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদের চারটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় এসব নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ২৮ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিজ্ঞপ্তি।

এ ছাড়া শাদমান সাদিকিনকে ইউনিলিভারের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স বা অর্থ বিভাগের প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, নতুন এসব নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ দক্ষতার সর্বোত্তম ব্যবহার ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।