
ভোক্তাদের জন্য আরও নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ২৪ জুন রাজধানীর বিসিএসআইআরের প্রধান কার্যালয়ে এই স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
এসিআই ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই ও বিসিএসআইআরের সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসিআই ফুডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) মোসা. হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, এসিআই ফুডসের পিডি অ্যান্ড কিউএ বিভাগের মহাব্যবস্থাপক মো. নাজিমুল ইসলাম, এসিআই ফুডসের ব্যবস্থাপক নেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সরকারি–বেসরকারি যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো খাদ্যের মানোন্নয়ন ও পুষ্টিগুণ নিশ্চিত করা, যাতে দেশের ভোক্তারা আরও নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সহজে পেতে পারেন। এই চুক্তির মাধ্যমে এসিআই ফুডস ও বিসিএসআইআর মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রক্রিয়া উন্নয়নে একসঙ্গে কাজ করবে।
এ ছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সেমিনার ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও প্রসারিত হবে।