দেশব্যাপী চলছে আইএফআইসি রেমিট্যান্স উৎসব

বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দ্রুত, সহজে ও নিরাপদে প্রবাসী আয় আদান-প্রদান উদ্বুদ্ধ করতে বেসরকারি আইএফআইসি ব্যাংক দেশব্যাপী ‘রেমিট্যান্স সেবা উৎসব’ পালন করছে। গত ২৫ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়।

‘রেমিট্যান্স মানেই আইএফআইসি’ স্লোগানে সারা দেশে সুসজ্জিত ক্যারাভানের মাধ্যমে রেমিট্যান্স সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্যসংবলিত লিফলেট বিতরণ করছে আইএফআইসি ব্যাংক। পাশাপাশি দ্রুত ও সহজে ব্যাংকের সব শাখা-উপশাখা থেকে সহজে রেমিট্যান্স গ্রহণ করতে জনসাধারণের নানা জিজ্ঞাসায় প্রয়োজনীয় বিভিন্ন তথ্য প্রদান করছেন ব্যাংকের প্রতিনিধিরা। প্রবাসীদের কষ্টার্জিত আয় তাঁদের প্রিয়জন ও পরিবারের সদস্যের আইএফআইসি অ্যাকাউন্টে মুহূর্তেই পৌঁছে দিতে ব্যাংক এখন সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা প্রদান করছে। বর্তমানে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো টাকার ওপর বাড়তি ২ দশমিক ৫ শতাংশ সরকারি প্রণোদনা পেয়ে যাচ্ছেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের বেশি শাখা-উপশাখা স্থাপন করা হয়েছে।

এ ব্যাংকিং সেবার অংশ হিসেবে মানুষ এখন ঘরের পাশের আইএফআইসি ব্যাংক থেকে সহজে প্রবাসী আয়ের সেবা গ্রহণ করতে পারবেন। ফলে বৈধ পথে প্রবাসী আয় আদান-প্রদানসহ অন্যান্য আর্থিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিজ্ঞপ্তি