পুনঃ অর্থায়ন সুবিধা নেবে আইএফআইসি ব্যাংক

কৃষি খাতের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি এ জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংকটি
ছবি: আইএফআইসি ব্যাংক

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের সহায়তা নেবে আইএফআইসি ব্যাংক। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয়। আইএফআইসি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, আইএফআইসি ব্যাংকের হেড অব অপারেশনস হেলাল আহমেদ, হেড অব এসএমই ফারিহা হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আইএফআইসি ব্যাংক জানিয়েছে, পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় কৃষি ও পল্লি অর্থনীতির উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে। কৃষি উৎপাদনে প্রয়োজনীয় অর্থপ্রবাহ সহজ করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ সহায়তা করবে। দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লি অঞ্চলে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়নসুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে এ খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে।