মার্কিন ডলার
মার্কিন ডলার

বিদেশে চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত নেওয়া যাবে

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে মার্কিন ডলারসহ বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করেছে।

একই সঙ্গে বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিনা মূল্যে পড়ার সুযোগ আছে কি না, তা যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে।

এ ছাড়া করেসপনডেন্স বা দূরশিক্ষণপদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন শিক্ষার্থীরা।

চিকিৎসার খরচ পাঠানো সহজ হলো

বাংলাদেশ ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিতে পারতেন। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল বোর্ড অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ এবং বিদেশের হাসপাতালের ব্যয়ের হিসাব জমা দিতে হতো। এর বেশি অর্থ নিতে হলে ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

নতুন সিদ্ধান্তে এই সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। ফলে যাঁদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হবে, তাঁরা এখন ব্যাংকের মাধ্যমেই আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাঠাতে বা সঙ্গে নিতে পারবেন। বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন কমবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত সার্কুলারে চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত অর্থ ছাড়ের বিধান ছিল। নতুন সার্কুলারে সেই সীমা বাড়ানো হয়েছে।

বিদেশে পড়ার খরচ পাঠানো সহজ হলো

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য অর্থ পাঠাতে আগে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে এ অর্থ পাঠাতে পারবে। তবে বিদেশে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

এ সিদ্ধান্তের ফলে বিদেশে সন্তানদের পড়াশোনার জন্য অর্থ পাঠাতে অভিভাবকদের আগের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না। এতে সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমবে।

এ ছাড়া বৈদেশিক মুদ্রা বিদেশে নেওয়া বা পাঠানোর নিয়ম সহজ করার পাশাপাশি বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রেও নতুন শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত বা আরএফসিডি হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ হিসাবে অর্থ জমা রাখতে হলে বিদেশ থেকে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে বৈদেশিক মুদ্রার পরিমাণ ঘোষণা করতে হবে। আগে ঘোষণা দিয়ে আনা অর্থের পাশাপাশি ঘোষণা ছাড়া নগদে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলারও এ হিসাবে জমা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে ঘোষণা ছাড়া আনা অর্থ জমার সুযোগ বিষয়ে কিছু বলা হয়নি।