
লোডশেডিং কমাতে শিল্পকারখানার জন্য এলাকাভেদে পৃথক সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার।
গত শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জ ও গাজীপুরে গতকাল শনিবার পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আশুলিয়া-সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লায় ৯ হাজার শিল্পকারখানা রয়েছে। তার মধ্যে অর্ধেকই নারায়ণগঞ্জ ও গাজীপুরে।
এলাকাভেদে পৃথক সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট, মুড়াপাড়া শিল্পাঞ্চল ও শীতলক্ষ্যা এলাকার শিল্পপ্রতিষ্ঠান গতকাল বন্ধ থাকার কথা ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, মুড়াপাড়া শিল্প এলাকায় লবণ, টিস্যু, কেমিক্যালসহ বিভিন্ন শিল্পকারখানা খোলা ছিল। মেঘনাঘাট শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায়ও উৎপাদন চলেছে। একই অবস্থা ছিল শীতলক্ষ্যা এলাকার অধিকাংশ শিল্পকারখানায়। এসব এলাকার কারখানায় কাজ করেছেন শ্রমিকেরা।
জানতে চাইলে শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) বশির আহমেদ প্রথম আলোকে বলেন, রূপগঞ্জে ১৩৫টি পোশাক কারখানাসহ ৩২০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সরকারি নির্দেশনা এলেও সেটি এখনো কার্যকর হয়নি। তিনি বলেন, মেঘনাঘাটের কারখানাগুলো নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে উৎপাদন চালায়। তবে কোনো কারখানা বন্ধ রাখার তথ্য তাদের কাছে নেই।
এ ব্যাপারে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলাকাভেদে ঘোষিত পৃথক সাপ্তাহিক ছুটি শিল্পমালিকদের মেনে চলতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান গ্যাসচালিত ক্যাপটিভ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, তারা সাত দিনই কারখানা চালু রাখতে পারবে।
এদিকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর, মাস্টারবাড়ি, কাউলতিয়া ও পুবাইল এলাকায় শিল্পকারখানা গতকাল বন্ধ থাকার কথা ছিল। তবে এসব এলাকার কোনো কারখানা বন্ধ ছিল না বলে জানা গেছে।
পুবাইল এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক সুরুজ আলী বলেন, কারখানার সাপ্তাহিক ছুটি শনিবার হলেও কর্তৃপক্ষ ওভারটাইম হিসেবে কাজ করতে বলেছে। সবারই এখন টাকার প্রয়োজন। তাই বিনা প্রশ্নে তাঁরা কাজ করছেন।
জ্বালানি সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং চলছে। গত রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে ভিন্ন ভিন্ন দিনে ছুটির বিষয়ে প্রস্তাব করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরাও সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিদ্ধান্তটি গত শুক্রবার থেকে কার্যকর করতে বলা হয়। এতে দেখা যায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ছাড়াও সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, টাঙ্গাইল, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরিশাল, পাবনা, হবিগঞ্জসহ কিছু জেলার শিল্পকারখানার জন্য পৃথক সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুৎ (ফিডার) সঞ্চালন লাইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি নির্ধারণ করায় প্রতিটি জেলার একেক এলাকার কারখানা একেক দিন বন্ধ থাকবে। যেমন গাজীপুরের জয়দেবপুর, সালনা ও কাপাসিয়ার শিল্পকারখানায় সাপ্তাহিক ছুটি শুক্রবার। তবে পুবাইল, কাউলতিয়া, মির্জাপুর ও মাস্টারবাড়ির কারখানা বন্ধ থাকবে শনিবার। একই জেলার কোনাবাড়ী, মণিপুর ও পিরুজালীর কারখানার সাপ্তাহিক ছুটি সোমবার।