জাতীয় সংসদে গতকাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চারজন ব্যবসায়ী, একজন অর্থনীতিবিদ ও একজন চাকরিজীবীর কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়
১.বাজেটের ভালো দিক কোনগুলো? দুর্বলতা কী?
২.সামগ্রিক বিচারে ১০-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন?
ফজলুল হক
সাবেক সভাপতি, বিকেএমইএ
বাজেটে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার রূপরেখা থাকাটা ভালো লেগেছে। ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উৎপাদনে কর ছাড় দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। তবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি ভাসা ভাসা। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ থাকলেও নিম্নমধ্যম আয়ের মানুষজন উপেক্ষিত। পর্যটন খাত করোনায় ক্ষতিগ্রস্ত হলেও বাজেটে কিছু পায়নি।
সায়েমা হক, অধ্যাপক,
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এবারের বাজেটে কর্মসংস্থানে নতুন পদক্ষেপ নেই। সামাজিক নিরাপত্তার বেশির ভাগ কর্মসূচিতে মাথাপিছু বরাদ্দ যেমন বাড়েনি, তেমনি নতুন দরিদ্র ও শহরের দরিদ্রদের জন্য কর্মসূচি নেই। স্বাস্থ্যে বরাদ্দ অপ্রতুল হলেও জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ভালো কিছু দিকও আছে। সেগুলো হলো স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্য ও বিনিয়োগে কর অব্যাহতি ও হ্রাস করা।
মঈনউদ্দিন হাসান রশিদ
চেয়ারম্যান, ইউনাইটেড গ্রুপ
বাজেটের সবচেয়ে ভালো দিক করপোরেট করহার কমানোর ঘোষণা। পাশাপাশি দেশীয়ভাবে বিভিন্ন পণ্য উৎপাদনে নানা প্রণোদনা দেওয়া হয়েছে। এতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে। তবে লাভ-লোকসান নির্বিশেষ ন্যূনতম করের যে বিধান, তাতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ, করোনার কারণে অনেকে ব্যবসায় লোকসান গুনছেন।
শামস মাহমুদ
সাবেক সভাপতি, ঢাকা চেম্বার
করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প খাতে যা যা দরকার, তার সবই দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যক্তি আয়ের করমুক্ত সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করলে ভালো হতো। করপোরেট করে ছাড়টা কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সংযোগ ঘটিয়ে দিলে বেশি কাজে দিত। দেশীয় উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ায় ভালো হবে।
ইশরাত জাহান চৌধুরী
স্বত্বাধিকারী, তুলিকা
এসএমই নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার পর্যন্ত কর ছাড় দেওয়ার সিদ্ধান্তটি ভালো। তবে প্রণোদনা প্যাকেজ থেকে অতি ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা কোনো ঋণ পাননি। আমরা প্রত্যাশা করেছিলাম, বাজেটে অর্থমন্ত্রী সে বিষয়ে নির্দেশনা দেবেন। কিন্তু তেমন কিছু দেখলাম না। মধ্যবিত্তরা করোনায় বিপর্যস্ত হয়েছেন। তাঁদের জন্যও বাজেটে কিছু নেই।
মো. মনিরুজ্জামান, এমডি,
আইডিএলসি ইনভেস্টমেন্টস
করপোরেট কর কমানোর ঘোষণায় উৎপাদনশীল খাতের কোম্পানির আয় বাড়বে। আমার হিসাবে তাতে শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির ইপিএস ৪ শতাংশ পর্যন্ত বাড়বে। এ ছাড়া অর্থনীতিতে গতি সঞ্চার করতে ব্যবসায়ীদের নানা ছাড় দেওয়া হয়েছে। তবে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ করা ভালো সিদ্ধান্ত নয়।