এবার টাকার দাম বাড়ল ৫০ পয়সা

ডলার
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে টাকার দাম এবার ৫০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। যা গতকাল মঙ্গলবার ছিল ৯২ টাকা। গত দুই বছরের মধ্যে ডলারের দাম কমানোর ঘটনা এটাই প্রথম। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বেড়েছে ডলারের দাম। ৮৮ টাকা থেকে বেড়ে ৯২ টাকা হয়েছিল। এই দরকে ‘আন্তব্যাংক দর’ আখ্যা দেয় বাংলাদেশ ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দর কমলেও ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ ডলার বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক কিনেছে ৯৭ টাকা ৫০ পয়সা দরে। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে রক্ষিত ছিল ওই ডলার। জরুরি আমদানি দায় মেটানোর জন্য ব্র্যাক ব্যাংককে এই ডলার কিনতে হয়েছে। এত দামে ডলার কেনায় ব্র্যাক ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে সরকারি-বেসরকারি একাধিক ব্যাংক আজ বুধবার ৯৪-৯৫ টাকা দরে প্রবাসী আয় এনেছে। রপ্তানি বিলও নগদায়ন করেছে একই দামে। আর আমদানিকারকদের কাছে বিক্রি করেছে ৯৬-৯৭ টাকা দরে।

ফলে ডলারের বাজারে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো দুই ধরনের ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক আজ ৯১ টাকা ৫০ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। নতুন এ দামে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দরে লেনদেন করে, তার মধ্যে একটি দরকে বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯১ টাকা ৫০ পয়সা বিবেচনায় নেওয়া হয়। এই দামেই ডলার বিক্রি করা হয়।’

প্রবাসী আয় আনতে গত বৃহস্পতিবার ডলারের দামের সীমা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এরপর থেকে চার দফা বাড়ার পর আজ বুধবার কমে ডলারের দাম।

আমদানি করা পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় ইতিমধ্যে আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে তা মেটানো যাচ্ছে না। এতে তৈরি হয়েছে ডলার-সংকট। সংকট সামলাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।