চা রপ্তানি বাড়াতে চায় সরকার

টিপু মুনশি
টিপু মুনশি

দেশীয় চায়ের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে ‘২য় জাতীয় চা দিবস-২০২২’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘মান ভালো হওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের চাহিদা রয়েছে। তবে প্রত্যাশা মতো চা রপ্তানি করা সম্ভব হচ্ছে না। উৎপাদন বাড়লেও অভ্যন্তরীণ বাজারে চাহিদা বেশ ভালো। সরকার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানির পদক্ষেপ নিয়েছে। আমরা সম্ভাবনাময় এই শিল্পের রপ্তানি বাজার ধরতে চাই।’

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।