
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ জন ব্যবসায়ী পরিচালক নির্বাচিত হয়েছেন। ২৪টি পরিচালক পদে সমানসংখ্যক প্রার্থী থাকায় এবং নির্ধারিত সময়ের মধ্যে গত রোববার কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাঁদেরই নির্বাচিত ঘোষণা করে নির্বাচন বোর্ড। এর আগে ১ মে ২৪টি পরিচালক পদে ২৪ জন মনোনয়নপত্র জমা দেন।
এখন তিন শ্রেণিতে নির্বাচিত ২৪ পরিচালক আগামী ৭ জুন নিজেদের মধ্য থেকে দুই বছরের জন্য একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করবেন।
নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী সাধারণ সদস্য শ্রেণিতে ১৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, কাজী মাসুদুল ইসলাম, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম ওবায়দুল্লাহ, অলিউর রহমান চৌধুরী, মো. ইসলাম খান, শরীফ আতিয়ার রহমান, নিজারুল আলম জুয়েল ও মো. সিরাজুল হক।
সহযোগী সদস্য শ্রেণির ছয়টি পরিচালক পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. মাহবুব আলম, মো. মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শেখ মো. গাউসুল আজম ও মো. মোস্তফা জেসান ভুট্টো।
বাণিজ্যিক দল শ্রেণির তিনটি পরিচালক পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন গোপী কিষণ মুন্ধড়া, কাজী আমিনুল হক ও মো. শাহ্ আলম।
এ বছর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আইয়ুব আলী শেখ। দুই সদস্য হলেন এস এম আজমিরুল হামজা ও মো. হাফিজুল ইসলাম।